বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গায়ের জোরে প্রশাসনের সহযোগিতায় ক্ষমতায় এসে বর্তমান সরকার নির্যাতক, নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর কারামুক্তি উপলক্ষে শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, নাজিমউদ্দিন আলম, শহীদুল ইসলাম বাবুল, আমিরুল ইসলাম খান আলীম, আমীরুজ্জামান খান শিমুলসহ অনেকে।
তিনি বলেন, জনসমর্থনহীন হয়ে অস্ত্র ও প্রশাসনের সহযোগিতায় ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছে অবৈধ সরকার। জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দেলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে হটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়া হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, ইতোমধ্যেই তারা আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ সিনিয়র নেতাদের মিথ্যা-বানোয়াট মামলায় আটক করে কারাগারে প্রেরণ করেছে। দিনদিন এ অবৈধ সরকারের নির্মম নির্যাতনের জাতাকলে পিষ্ট হচ্ছে বিরোধীদলের নেতাকর্মীসহ দেশের সাধারণ জনগণ। সুলতান সালাহউদ্দিন টুকুকে সরকারের নির্দেশে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে খালেদা জিয়ার বহর থেকে আটক করে ৫ মাস কারাগারে অন্তরিন রেখেছিল। তাকে ৩৩ দিন রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে।
সরকারকে এ নিপীড়নের পথ থেকে সরে আসার আহ্বান এবং অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের দবি জানান তিনি।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]