বিএনপি সংবিধানের বিধান বাদ দিয়ে ‘সং’ নিয়ে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ-এর স্মরণসভা ও চলমান রাজনীতি নিয়ে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনাসভায় শুক্রবার দুপুরে তিনি এ মন্তব্য করেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিএনপি নেতাদের মুখে সংবিধান নিয়ে কোনো মন্তব্য মানায় না। কারণ সংবিধান ধ্বংস করে বিএনপি ক্ষমতায় এসেছিল। তবে মার্শাল ল’ নিয়ে তারা কোনো অভিমত দিলে সেটা ঠিক আছে। তাদের কাছ থেকে সংবিধান নিয়ে পরামর্শ নেওয়া বা কথা শোনা বাচলতা বাচক।’

তিনি বলেন, ‘সব দিক দিয়ে দেশ এগিয়ে যাবে আর দুর্নীতিতে পিছিয়ে পড়বে এটা হয় না। দুদক-কে আরও শক্তিশালী করতে হবে। এর জনবল আরও বাড়াতে হবে। এমন আইন করতে হবে, যাতে দুদক স্বাধীনভাবে পরিচালিত হতে পারে। দুদককে নখদন্তবিহীন করে রাখলে চলবে না।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলতে হবে। নেত্রী দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। আর বলছেন- সততাই আমার শক্তি সততাই আমার সাহস। তিনি সততা করে যাবেন, আর আমরা দুর্নীতি করে দেশকে এক নম্বরে নিয়ে আসব -এটা হবে না।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন প্রয়াত এমএ আজিজের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার ওমর বিন আব্দুল আজিজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নুরুল আমিন রুহুল, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী প্রমুখ।

এমএইচ