আওয়ামী লীগ হচ্ছে একটি উচ্চমার্গীয় মিথ্যার ফ্যাক্টরি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বিষয়টির অবতারণা করলে জবাবে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরো অভিযোগ করেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই সংসদীয় এলাকা নির্ধারণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ থেকেই বোঝা যায়, এই ইসির সুষ্ঠু নির্বাচন করার কোনো ইচ্ছা নেই।

বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আরো বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার ইচ্ছা বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার নেই। প্রভুকে খুশি করতে কারো মতামতকে তোয়াক্কা করছেন না তিনি। নয়তো নির্বাচনের আগেই সেনা মোতায়েন, সংসদ ভেঙে দেওয়া এবং সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতেন তিনি।”

নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশন অনুযায়ী সবকিছু করছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, “সংলাপ কেবলই আইওয়াশ ছাড়া কিছুই নয়। প্রধানমন্ত্রীর হুকুম তামিল করাই এর মূল কাজ।”

অপহরণ-গুম হওয়াদের দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, “হাওয়া বদলের আভাস পেয়ে সরকার মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানকে অপহরণের পর তাঁর পরিবার সাধারণ ডায়েরি (জিডি) করতে পল্টন থানায় গেলে সেটি করতে দেওয়া হয়নি। রাষ্ট্রকে এর জবাবদিহি করতে হবে।”

বর্তমান সরকারকে বিদায় করা ছাড়া এই পরিস্থিতির কোনো উন্নতি হবে না বলেও উল্লেখ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

বিএনপির সভানেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এমবি