সরকার শের-ই বাংলা নগর থেকে জিয়াউর রহমানের মাজার সরিয়ে ফেললে সংসদীয় রাজনীতির পরিসমাপ্তি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
তিনি বলেছেন, জিয়াউর রহমানের মাজার সরানোর সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। জিয়া শুধু বাংলাদেশ কিংবা বিএনপির প্রতিষ্ঠাতা নয়। তিনি একজন মুক্তিযোদ্ধা। তাই তার মাজার সরানো বিশ্বাসযোগ্য নয়। তারপরও যদি সরকার সরিয়ে ফেলে তা হবে সংসদীয় রাজনীতির পরিসমাপ্তি।
শনিবার তরুণ দলের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শের-ই বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে সরকার কতৃক জিয়ার মাজার সরিয়ে ফেলার সিদ্ধান্তের প্রতিক্রিয়া এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়া ও তারেক রহমান বিদেশে বসে ষড়যন্ত্র করছেন সরকার প্রধান ও সরকারের বিভিন্ন পর্যায়ের লোকের এমন বক্তব্যের জবাবে নোমান বলেন, সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হেটে যাওয়ার মধ্যে ষড়যন্ত্র দেখতে পান। খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য গেছেন। সেখানে তিনি কোন ষড়যন্ত্র করছেন না। তাছাড়া বিএনপি কোন ষড়যন্ত্র করে না এবং ষড়যন্ত্রে বিশ্বাসও করে না।
তিনি বলেন, জিয়ার মাজার সরানো কোন রাজনৈতিক কর্মকাণ্ড নয়। তাই জিয়ার মাজার সরানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহবান জানাই।
আয়োজক সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিকীসহ দলের আব্দুল মান্নান, একে আল রিয়াদ, তানভীর আহমেদ, মিজানুর রহমানসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএইচ





