নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত প্রশাসন গড়তে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দেওয়া বক্তব্যকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

একইসঙ্গে তা বাস্তবায়নে প্রশাসনের ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) কর্মকর্তাদের ফেরাতে কমিটি গঠনেরও দাবি জানিয়েছে দলটি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানিয়েছেন দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

রিপন বলেন, ‘সাধারণত এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কোনো সিনিয়র ও হাইপ্রোফাইল নেতা মন্ত্রী ছিলেন না। এই প্রথম কোনো হাইপ্রোফাইল নেতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। তিনি দায়িত্ব নেওয়ার পর প্রশাসন দলীয় প্রভাবমুক্ত ও নিরপেক্ষ থাকবে। এটাই কাম্য ও প্রত্যাশিত।’

তিনি আরও বলেন, ‘আশা করি প্রশাসনের দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তা যাদের ওএসডি করে রাখা হয়েছে তাদের ফিরিয়ে আনতে সৈয়দ আশরাফ কমিটি গঠন করবেন। আশরাফ যে তার বক্তব্যকে ওন করেন, আশা করি তিনি তার কাজের মাধ্যমে কথা রাখবেন।’

এ সময় ছাত্রদল সভাপতি রাজিব আহসানকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান রিপন। তিনি বলেন, ‘ছাত্রদল সভাপতি রাজিবকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে তা উদ্বেগজনক ও দুঃখজনক। এটা বিরাজনীতিকরণেরও একটি অংশ। আগামীতে যদি বিএনপির ষাটোর্ধ্ব নেতাদের বিরুদ্ধে ইভটিজিংয়ের মামলা দেওয়া হয় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।’

এ ছাড়া ঈদের দিন হবিগঞ্জের কারাগারে বিএনপি নেতা জি কে গউছের ওপর হামলার নিন্দা জানিয়ে রিপন বলেন, ‘বিএনপি নেতারা আগে থেকেই রাজপথ, ঘর ও কর্মস্থলে নিরাপত্তাহীন ছিলেন। এখন কারাগারেও তাদের নিরাপত্তা নেই। জি কে গউছের ওপর হামলার ঘটনায় সারা দেশের কারাগারে আটক বিএনপি নেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
এমএইচ