খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম দাবি করেছেন, বিএনপিতে ভাঙনের স্পষ্ট সুর লক্ষ্য করা যাচ্ছ। লন্ডন থেকে আসা নির্দেশে টাকা দিয়ে টোকাই ভাড়া করে মানুষ হত্যা করছেন খালেদা জিয়া। এর সাথে বিএনপির সিনিয়র নেতারা নেই। তারা চুপ করে আছে। এভাবে ‘আউট সোর্সিং’ আন্দোলন চলতে থাকলে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা খালেদা জিয়াকে ছেড়ে চলে যাবে। বিএনপি ভেঙে যাবে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত ‘পরীক্ষার সময় হরতাল, অবরোধ, জ্বালাও, পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে’ এক মানববন্ধন ও আলেম সমাবেশে তিনি একথা বলেন।
বিএনপি নেতাদের উদ্দেশ করে তিনি আরো বলেন, আপনারা গণতান্ত্রিক কর্মসূচি পালন করুন। কেউ বাধা দেবে না।
নাশকতাকারীদের উদ্দেশে তিনি বলেন, এখনও সময় আছে এই পথ পরিহার করুন। নতুবা মনে রাখবেন আপনারা যত নাশকতা চালাবেন, সরকার তত কঠোর হবে। নাশকতাকারীদের সাথে কোনো আপস ও সমঝোতা নয়।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ারম্যান মাওলানা মো: ইসমাইল হোসাইন, মহাসচিব মাওলানা শরীফুর রহমান, প্রেসিডিয়াম সদস্য মো. শাহীন খান প্রমুখ।





