লঞ্চ ডুবিতে যারা নিহত হয়েছেন তাদের রূহের মাগফিরাতের জন্য আগামী শুক্রবার সারাদেশে দোয়া দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

বুধবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ এই কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে মাওয়া-কাওড়াকান্দি রুটে পিনাক-৬ নামক লঞ্চ ডুবিতে যারা নিহত হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করে ও গভীর শোক প্রকাশ করেন জামায়াত আমীর। এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

আর যাতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নিহতদের পরিবার-পরিজন ও আহতদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য সরকারের প্রতি আহবান জানান মকবুল আহমাদ।

বিবৃতিতে জামায়াত আমীর বলেন, লঞ্চ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের রূহের মাগফিরাতের জন্য আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী শুক্রবার ৮ আগষ্ট সারা দেশব্যাপী দোয়া দিবস পালনের কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি সফল করার জন্য সকল শাখার প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই