বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে বিশাল বর্ণাঢ্য র‌্যালী করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা।

শনিবার সকাল ৮টায় কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শাহিন আহমদ খানের নেতৃত্বে র‌্যালীটি বসুন্ধরা গেট থেকে শুরু হয়ে নদ্দা বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে শাহিন আহমদ খান বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র ৬জন ছাত্র কর্তৃক প্রতিষ্ঠিত হয় ইসলামী ছাত্রশিবি। এটি আজ ৬ হাজার নয় ৬ লক্ষ নয় ৬ নিযুত ছাত্রের বিশাল সংগঠনে পরিণত হয়েছে। জালিমের কোনো জুলুম নির্যাতন এই সংগঠনের অগ্রযাত্রাকে প্রতিহত করতে পারেনি, পারবে না।

তিনি বলেন, আজ বাংলাদেশের ইসলামী আন্দোলনকে নেতৃত্বশুন্য করতে একের পর এক নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হচ্ছে। কিন্তু আমরা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই শত জুলুম নির্যাতন আর হত্যাকান্ডের দ্বারা কখনো কোনো ইসলামী আন্দোলনকে বিনাশ করা যায়নি। বরং ইতিহাস সাক্ষী এই জুলুম নির্যাতন জালিমের জন্য উল্টো বুমেরাং হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে তিনি শিবিরের পক্ষ থেকে সকল দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

র‌্যালী শেষে নেতাকর্মীরা রাস্তার পাশের জনতাকে ফুল দিয়ে শুভে্চ্ছা জানান।

র‌্যালীতে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগরী উত্তর সভাপতি হাসান জারিফ, সেক্রেটারি জে. মাহমুদ, অফিস সম্পাদক আজিজুল ইসলাম সজিব, অর্থ সম্পাদক জাকের হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

একইদিন শনিবার সকাল ৮টার দিকে রাজধানী যাত্রাবাড়ীতে ঢাকা মহানগরীর দক্ষিণ শাখার উদ্যোগে একটি র‌্যালিটি বের হয়। র‌্যালীটি গেন্ডারিয়া রেল স্টেশনের সামনে থেকে জুরাইন বাজারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান,এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ শিবির সভাপতি সাদেক বিল্লাহ, সেক্রেটারী রিয়াজ উদ্দিন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ চত্বরে প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি যুব সমাজের মাঝে মেধা ও নৈতিকতার সমন্বয়ে কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির।

সৃষ্টিকাল থেকেই দেশের সার্বিক উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি হিসেবে যুব সমাজকে রূপান্তরের চেষ্টা করছে। কিন্তু সরকার এখন এই যুব সমাজের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চাইছে তা কখনো সম্ভব হবে না।

এছাড়াও গাজীপুর ও খুলনায় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

এমকে