পুলিশের হুমকিতে দমে না গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, কোনো ধরনের বাধা আমরা মানবো না। আমাদের কেউ দমাতে পারবে না। আমরা মুক্তিযোদ্ধার জাতি।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উপর হামলা, প্রচার মাইক কেড়ে নেওয়াসহ আটক ও হয়রানির অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

এ সময় ধানের শীষের প্রার্থী আরো বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নগরবাসীর কাম্য। এ জন্য সবার জন্য সমান সুযোগ, নিরপেক্ষ প্রশাসন ও শান্তিপূর্ণ পরিবেশ অপরিহার্য। দুঃখজনক হলেও সত্য যে, নির্বাচনের তফসিল ঘোষণার পর একটি বিশেষ মহল থেকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ক্রমেই বিনষ্ট করা হচ্ছে।’

ইশরাক বলেন, এই পুলিশের হুমকিতে আমরা দমে যাবো না। আপনাদের কত শক্তি আছে, আপনারা দেখান। আপনাদের কত পুলিশ আছে, দেখান।

উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বাংলাদেশকে মুক্ত করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন।

এদিকে বংশালে ইশরাক হোসেনের প্রচারণা মিছিল থেকে একজনকে আটকের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। তবে পুলিশের দাবি, একজন ছিনতাইকারী মোবাইল ছিনতাই করে পালিয়ে মিছিলের মধ্য ঢুকে পড়েছিলো। তাকে ধাওয়া করতে গেলে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা তৈরি হয়।

এদিকে প্রচারকাজ শেষে সন্ধ্যায় গোপীবাগের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন এসব অভিযোগ করেন। এ সময় তাঁর পাশে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।

বিএনপির প্রার্থী অভিযোগ করেন, ‘হাজারীবাগ পার্কের সামনে থেকে আমার প্রচারকাজ চালানোর সময় স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা রিকশার গতিরোধ করে দুজন কর্মীকে মারধর করে মাইক ও মাইকের সরঞ্জাম রেখে দেয় এবং পরবর্তী সময়ে থানা-পুলিশে দেওয়ার হুমকি দেয়।’

এএস