বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীর অংশ হিসেবে আজ রোববার ঢাকাসহ সারাদেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দিবে বিএনপি।

গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত থাকবে এবং আজ রোববার ঢাকায় বেলা ১২ টায় এবং সারাদেশে সকাল ৯ থেকে বিকেল ৫ টার মধ্যে মিছিল সহ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে বলে তিনি জানান।

জিয়া অরাফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এটি বিএনপির তৃতীয় দফা কর্মসূচি। এর আগে ৯ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি, ১০ ফেব্রুয়ারি থানা, উপজেলা, জেলা মহানগরে প্রতিবাদ সমাবেশ, ১২ ফেব্রুয়ারি মানববন্ধন, ১৩ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি, ১৪ ফেব্রুয়ারি অনশন কর্মসূচি এবং গতকাল গণসাক্ষর কর্মসূচী পালন করে বিএনপি যেট অব্যাহত থাকবে।

গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার পর থেকেই নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

উল্লেখ্য আগামী ২২ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে সমাবেশ করার জন্য ডিএমপির কাছে অনুমতি চেয়েছে বিএনপি।

জেড