নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন বলেছেন, পরস্পর সহনশীলতা না থাকলে গণতন্ত্র হয় না। দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র চাইলে রাজনীতিকদের আরও সহনশীল হতে হবে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে হত্যা প্রচেষ্টার তৃতীয় বার্ষিকীতে আজ বৃহস্পতিবার সকালে লেবার পার্টি এক আলোচনা সভার আয়োজন করেন।  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দলটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, লেবার পার্টির সিনিয়র ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান।

আরো বক্তব্য রাখেন, লেবার পার্টির সাধারণ সম্পাদক হামদুল্লাহ আল মেহেদী, সাংগঠনিক সম্পাদক ফারুক রহমান প্রমুখ।

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এ সময় সভাস্থলে উপস্থিত ছিলেন।

আলমগীর মহিউদ্দিন বলেন, দেশে গত ৪২ বছরে রাজনৈতিক সহনশীলতার চর্চা খুব কমই হয়েছে। আর কেউ করতে চাইলেই তাকে যেকোনোভাবে সরিয়ে দেয়া হয়।

দেশে বিভাজনের রাজনীতি চলছে মন্তব্য করে তিনি বলেন, এ ধরনের রাজনীতি দেশের উন্নয়নের জন্য বড় বাধা।

তিনি লেবার পার্টিসহ ২০ দলের নেতাদের উদ্দেশে বলেন, ২০ দলীয় জোটেও এ ধরনের বিভাজন দেখা যায়। যা তাদের জন্য ক্ষতিকর। এর থেকে বের হতে না পারলে তারা সফল হতে পারবে না।

এসময় তিনি লেবার পার্টির চেয়ারম্যানের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।

প্রধান বক্তা আহমদ আযম খান বলেন, বুধবার আওয়ামী লীগ আমাদের উপর পৈশাচিক হামলা চালিয়েছে। তাদের উদ্দেশ্য ছিলো খালেদা জিয়াকে হত্যা করা।

তিনি আরো বলেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক যে হুমকি দিয়েছে তা হালকাভাবে নেয়ার সুযোগ নেই। এখনই আমরা যদি রাজপথে নেমে না আসি তাহলে চরম ক্ষতির মুখে পড়তে হবে।

আহমদ আযম লেবার পার্টির চেয়ারম্যানের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আগামীতে ২০ দল ক্ষমতায় এলে এর বিচার হবে।

এমকে