সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির ভাইস চেয়ারম্যন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, (বীর বিক্রম) বলেছেন, জিয়ার মাজার সারানোর মত দুঃসাহস দেখাবেন না, তা সর্ব শক্তি দিয়ে প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল, ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে’ এক আলোচনা সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দৃষ্টি নন্দন এ মাজারটি জনগণের হৃদয়ে স্থান দখল করে আছে। তাই এই মাজার সরানোর মত দুঃসাহস দেখাবেন না। যদি করেন তাহলে সর্ব শক্তি দিয়ে প্রতিহত করা হবে।

বর্তমান সরকারকে নিষ্ঠুর আখ্যায়িত করে তিনি বলেন, নিষ্ঠুর এই সরকার চায় কারাগারে বিএনপির নেতারা ধুঁকে ধুঁকে মৃত্যুবরণ করুক।

বর্তমান নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড করার পরিবর্তে মাঠ উঁচু নিচু করার কাজে ব্যস্ত। তাদেরকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের স্বীকৃতি দেয়া উচিত।

স্বাধীনতার মূল মন্ত্র ছিল গণতন্ত্র তা আজ নির্বাসিত জানিয়ে তিনি আরও বলেন, আজকে এই সরকার গণতন্ত্রকে সম্পূর্ণভাবে হরণ করেছে।

তিনি বলেন, বেগম জিয়া লন্ডন থেকে ফিরে এসে গণতন্ত্র পুনঃউদ্ধারের জন্য এবার যে আন্দোলনের ডাক দেবেন, সেই আন্দোলন রাজপথে থেকে এই সৈরাচার সরকারের মরণ ঘণ্টা বাজিয়ে দেবে।

আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, সহ-তথ্যগবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

এসএইচ