সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যানজট বিগত ১০ বছরের তুলনায় কম। ধীরগতি আছে, সেটা সহনীয়।’

আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

এক প্রশ্নের ‍উত্তরে ওবায়দুল কাদের বলেন, “আগেকার যে কোনো সময়ের চেয়ে মহাসড়কে যাত্রার মান এবারে ভাল। ভোগান্তি কম। ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে চলাচলে চন্দ্রায় যে দীর্ঘ জট লেগে থাকত, গত ১০ বছরের চেয়ে এবার সেটা কম।”

তিনি বলেন, “আজো অনেক জায়গায় রাস্তায় কিছুটা ধীরগতি আছে। এটা অতিরিক্ত চাপের কারণে। আশা করি, জনগণ সেটা মেনে নেবে।”

এসময় সেতুমন্ত্রী রংপুরে ট্রাক উল্টে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেন। পাশাপাশি বাস মালিকদের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী না নেওয়ার আহ্বান জানান।

সাংবাদিকরা সেতুমন্ত্রীকে প্রশ্ন করেন পরিদর্শন ও সঙ্গে থাকা গণমাধ্যমের গাড়ির চাপে জনদুর্ভোগ আরও বাড়ে কি না?

এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমাকে তো খোঁজ-খবর নিতে হবে। আর ঈদযাত্রায় মানুষের খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমাকে আসতেই হবে, মিডিয়ার গাড়ি না এলেও আমাকে আসতে হবে।

প্রায় সব রুটেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহনগুলো। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি এখনো আমার দৃষ্টিতে আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এমবি