সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদ এবং তার মুক্তি দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে দলটি।
আজ (রোববার) বেলা ১১টার দিকে পুরান ঢাকায় অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় ঢাকা জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন স্মারকলিপি গ্রহণ করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পল, রাশেদুল হাসান রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হাজী মাসুম, ঢাকা জেলা যুবলের আহ্বায়ক ভিপি নাজিম, যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ খান, মহিলাদলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
স্মারকলিপি জমা দেয়া শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন উপস্থিত নেতাকর্মীরা।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকারবকশিবাজারের আলীয়া মাদ্রাসায় স্থাপিত ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। এবং তারেক রহমান’সহ বাকি ৫ আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড’সহ ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করে আদালত।
রায়ের পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। নির্জন কারাগারের একমাত্র বন্দি হিসেবে বেগম জিয়া সেখানেই আছেন।
এমবি





