বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচনমুখী দল। বিএনপি অবশ্যই জাতীয় নির্বাচনে যাবে। কিন্তু সে নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে।
আজ (রোববার) বিকেলে মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সব দলের জন্য নির্বাচনে সমান সুযোগ সুবিধা থাকতে হবে। অন্যথায় আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচন দেশের মানুষ নেবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অনিয়ম, দুর্নীতি লুটপাট ও বিচারহীনতায় গোটা দেশ এখন অন্ধকারে পরিণত হয়েছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের ব্যাপক নির্যাতনের পরও বিএনপি নেতাকর্মীরা এখনো পিছু হটেনি। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও বিএনপি নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবে।
মির্জা ফখরুল বলেন, উন্নয়নের নামে সরকার লুটপাটে ব্যস্ত। দেশ থেকে টাকা পাচার করছে সরকারি দলের লোকজন।
মির্জা ফখরুল আরো অভিযোগ করেন, সকাল থেকে আজকের সমাবেশ পন্ড করার জন্য নানা প্রকার চেষ্টা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সরকার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়াও অব্যাহত রেখেছে।
বিএনপির যুগ্ম-মহাসচিব ও মহানগর দক্ষিণের সভাপতি হাবিন উন খান সোহেল সমাবেশে সভাপতিত্বে করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, সাবেক এমপি বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ।
খাজা শিকদার





