সাগরে ভাসমান বাংলাদেশ ও মিয়ানমারের নিজ নিজ দেশের নাগরিকদেরকে অবিলম্বে নিজ নিজ দেশে ফিরিয়ে নেয়ার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
আজ এক বিবৃতির মাধ্যমে তিনি একথা জানান।
তিনি বলেন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কাছাকাছি উপকূল এবং সাগরে ভাসছে বাংলাদেশ ও রোহিঙ্গার বহু নাগরিক। আন্দামান ও মালাক্কা প্রণালীতে ভাসছে ৬ হাজার বাংলাদেশী ও রোহিঙ্গা। অনাহারে-অর্ধাহারে এসব বনি আদম দিনের পর দিন সাগরে ভাসছে।
মালয়েশিয়া, থাইল্যান্ডইন্দোনেশিয়া কোন দেশই এসব অসহায় মানুষদেরকে গ্রহণ করতে চাচ্ছে না। অপরদিকে এদের উদ্ধারের জন্য সমন্বিত কোন তৎপরতা চালানো হচ্ছে না। সাগরে ভাসমান বহু অভিবাসী অনিশ্চিত অবস্থায় রয়েছে।
তিনি আরো জানান, দেশে বিনিয়োগ পরিস্থিতি, কর্মসংস্থানের অভাব ও বেকারত্ব সংকটের প্রেক্ষিতে এবং শ্রমবাজারে সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে হতাশ হয়ে পেটের দায়ে বিদেশ যাওয়ার জন্যই আজ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুতরাং সরকার কোন অবস্থাতেই এর দায়-দায়িত্ব এড়াতে পারেন না।
ডা. শফিকুর রহমান জানান, নাগরিকদের নাগরিক অধিকার রক্ষার দায়িত্ব সরকারের। এ আইনগত ও নৈতিক দায়িত্ব সরকার কখনো অস্বীকার করার এখতিয়ার রাখেন না। কিন্তু বিস্ময়ের বিষয় কোন কোন মন্ত্রী ও সরকারী মহলের বক্তব্যে দায়িত্বহীনতা এবং কর্তব্যবোধের অভাবের বিষয়টি দৃশ্যমান হয়েছে।
তাদের এ বক্তব্যে দেশের আপামর জনগণ বিস্মিত। আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, কোন অবস্থাতেই কোন দেশের সরকার নিজ দেশের নাগরিকদের অধিকার অস্বীকার করতে পারেন না। কোন নাগরিক আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা হতে পারে। কিন্তু দিনের পর দিন তাদেরকে অনিশ্চিত অবস্থায় গৃহহারা অবস্থায় রাখার কোন অধিকার সরকারের নেই। দ্রুত তাদের উদ্ধার করে বাঁচার ব্যবস্থা করতে হবে। কিন্তু সরকারের উদাসীনতা হতাশাজনক।
আমরা বাংলাদেশ ও মিয়ানমারের নিজ নিজ দেশের নাগরিকদের অবিলম্বে নিজ দেশে ফিরিয়ে নেয়ার এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে ইতিবাচক ভূমিকা পালনের আহবান জানান তিনি।
এসএইচ





