নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনারের আচরণ দেখে হতাশ। আমাদের জনমর্থন দেখে নির্বাচন কমিশন সরকার দলীয় পক্ষ নিয়ে কাজ করছে। আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী একের পর এক আচরণ বিধি লঙ্ঘন করছেন। সে সরকার দলীয় প্রভাব খাটিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, তিনি বিষয়টি আইভীর মোবাইল ফোনে এসএমএস দিয়ে জানিয়ে সতর্ক করেছেন। আর বিকেলে আওয়ামী লীগের পার্টি অফিসে প্রার্থী ছিলেন না। আমাদের জানানো হয়েছে সেটা জেলা পরিষদ নির্বাচন নিয়ে বৈঠক হয়েছে। তার পরেও আমরা সতর্ক আছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভী সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডে গণসংযোগ করেন। ওই সময়ে আইভীর পক্ষে স্লোগান দেয়া হয়। এছাড়া বিকেল ৩টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে স্থানীয় নেতাদের বৈঠক হয়। ওই সময়ে বাইরে সমর্থকেরা আইভী ও নৌকার পক্ষে স্লোগান দিলে বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পাশে রাস্তা বন্ধ হয়ে যায়।