প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে জাতীয় ঐক্যফ্রন্ট যাচ্ছে না বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
আজ শনিবার সন্ধ্যায় তিনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘২ ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময়ের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিকেলে গণভবন থেকে শুভেচ্ছা বিনিময়ের জন্য চা-চক্রের আমন্ত্রণ পেয়েছি, কিন্তু এতে যাওয়ার সুযোগ নেই।’
ঐক্যফ্রন্ট তাহলে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যাচ্ছে না জানতে চাইলে সুব্রত চৌধুরী বলেন, ‘এটা আপাতত প্রাথমিক প্রতিক্রিয়া।’
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টা আমি জানি না। এ বিষয় সম্পর্কে আমার ধারণা নেই।’
এর আগে গত ১৩ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের সব রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন।
ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টসহ ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে গণভবনে সংলাপ হয়েছিল। এখন নির্বাচন শেষ হয়েছে, প্রধানমন্ত্রী তাদেরকে আবার আমন্ত্রণ জানাবেন। তাদের সঙ্গে কিছু মতবিনিময় করবেন এবং তাদের আপ্যায়নের ব্যবস্থা থাকবে।
এএস





