বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকার প্রতিটি হত্যাকাণ্ডের পর বিএনপিকে দোষারোপ করছে। কিন্তু বিএনপি জঙ্গিবাদকে ঘৃণা করে।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা প্রয়াত মোহাম্মদ আলীর স্মরণে বিএনপি আয়োজিত সভায় মওদুদ এ কথা বলেন।

জঙ্গিবাদ ও উগ্রবাদকে জাতীয় সমস্যা আখ্যা দিয়ে মওদুদ বলেন, দেশে সহিংসতা এবং উগ্রবাদ ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে। বিশ্বজিৎ হত্যাকাণ্ড থেকে শুরু করে কোনো হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি সরকার। প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনায় তারা বিএনপির নাম জড়িয়ে ‘ব্লেম গেম’ খেলেছে। তিনি ‘ব্লেম গেম’ বন্ধ করার আহ্বান জানান।

মওদুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যের কথা বলেন। কিন্তু বিএনপিকে বাদ দিয়ে জাতীয় ঐক্য সম্ভব কি না, এ প্রশ্ন রাখেন তিনি।

মওদুদ আহমদ অভিযোগ করেন, বর্তমানে দেশে গণতন্ত্র নেই। বিচার বিভাগ, প্রশাসন এবং নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নেই। যে কারণে দেশে শূন্যতা বিরাজ করছে। যারা জঙ্গিবাদের-উগ্রবাদের চর্চা করে তারা সুযোগ নিচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মাহবুবুর রহমান বলেন, সরকারের উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে মোহাম্মদ আলীর প্রতি শ্রদ্ধা জানানো। তাঁকে শ্রদ্ধা না জানানো বাংলাদেশের জন্য একটি লজ্জার বিষয়।

স্মরণসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।

এমআইএম