বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪ জনের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সরকার দলীয় এমপি ছবি বিশ্বাসের উপর হামলার অভিযোগে শাহবাগ থানায় দায়েরকৃত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এ আদেশ দেন আদালত।
শুক্রবার বিকালে ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শাহবাগ থানার এসআই হাফিজ উদ্দিন এ মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া অপর ৩ জন হলেন, তুরাগ থানা বিএনপির সভাপতি আতিকুর রহমান। রাজনৈতিক কর্মী মহিউদ্দিন ও ব্যবসায়ী মিজানুর রহমান।
উল্লেখ্য, গয়েশ্বর চন্দ্রকে শুক্রবার ভোর ৬ টার দিকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে গ্রেফতার করা হয়।
অপর ৩ জনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, গাড়ি বিকল করার জন্য ব্যবহৃত কাঁচ ও টায়ার ফুটানোর যন্ত্রসহ তিনজনকে আটক করা হয়।
এমকে





