এসএসসি পরীক্ষার্থীদের কিছু হলে খালেদার ঘরে আগুন জ্বলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
সারাদেশে বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধ ও নাশকতার প্রতিবাদে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় এ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের সড়ক প্রদক্ষিণ করে টি.এস.সি’র রাজু ভাস্কর্যের সামনে এসে সমাবেশ করে।
এ সময় বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগ বলেন, আগামীকালের শুরু হওয়া এসএসসি পরীক্ষায় যদি কোনো পরীক্ষার্থীর ওপর হামলা চালান হয় বা কোনো বাধার সৃষ্টির করা হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী এদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়ার ওই গুলশানের কার্যালয়ে আগুন দেবে।
তিনি আরও বলেন, যে দলের নেত্রী এইট পাশ করতে পারেনি তার পক্ষে একজন শিক্ষার্থীর জীবনে এসএসসি পরীক্ষার গুরুত্ব অনুধাবন করা সম্ভব নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর শরীফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছত্রলীগ সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগ।
এ সময় বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দী, আবু হানিফ, জিয়াউল হক জিয়া; যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, শারমিন সুলতানা লিলি; সাংগঠনিক সম্পাদক এস.এম.তরিকুল ইসলাম, আনোয়ার হোসেন আনু; দপ্তর সম্পাদক শেখ রাসেল, সমাজসেবা সম্পাদক কাজী এনায়েত, অর্থ সম্পাদক আশিকুল ইসলাম, পরিবেশ সম্পাদক সাইফুর রহমান সোহাগ, তথ্য ও গবেষণা সম্পাদক এরশাদুর রহমান, নাট্য ও বিতর্ক সম্পাদক শাহাদাৎ হোসেন রাজন প্রমুখ।
এমআর/ইআর/কেএইচ





