দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে উপজেলা পর্যায়ের আরো ১ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
শনিবার সন্ধ্যায় দলের যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়াকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাজবাড়ি, শরিয়তপুর ও মানিকগঞ্জের ৩ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। এরা সবাই স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিল।
তবে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থ বিরোধী কার্যকলাপের জন্য নেতাদের বহিষ্কার করার কথা বলা হলেও জানা যায় আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থী হওয়া অথবা দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করার কারণেই এসব নেতাদের বহিষ্কার করা হচ্ছে। 
[b]ঢাকা, এমএইচ, ১৫ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম) // কেএইচ[/b]