আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করাই হচ্ছে বিজয় দিবসের প্রত্যয়।”

বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। খবর বিবিসি’র।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সার্থকতা সেখানেই, বঙ্গবন্ধু যে উন্নত রাষ্ট্র গড়তে চেয়েছিলেন, স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাকে হত্যা করার কারণে তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে না পারলেও আজকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে।

হাছান মাহমুদ বলেন, “আজকে অর্থনৈতিক, মানবউন্নয়ন, সামাজিক- সকল সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি, অনেক সূচকে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি- এখানেই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যার সার্থকতা।”

“কিন্তু বিজয়ের ৪৯ বছর পরও আজ স্বাধীনতাবিরোধী অপশক্তি মাঝে মধ্যে আস্ফালন করে এবং এর অন্যতম কারণ হচ্ছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি” যোগ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এমবি