সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতার সকল নেতাকর্মী এবং আলেম-ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাংবিধানিক অধিকার সভা-সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৮ জুলাই) জুমার নামাজের পর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর আগ্রাবাদের বাদামতল মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলত্তোর সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন বলেন, আমরা গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতে চাই। এটি আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে আমরা রাজপথে আছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ইন শাআল্লাহ। আমরা ভোটের অধিকার ও রাজনৈতিক অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। গণতান্ত্রিক কর্মসূচি পালনে অনুমতি না দিয়ে আমাদের অধিকার খর্ব করেছে প্রশাসন। আমরা এটির তীব্র নিন্দা জানাই।
বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন শিকদার, মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফর রহমান ও মকবুল আহমদ ভুইয়া, ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি সেক্রেটারিসহ নেতারা। (প্রেস বিজ্ঞপ্তি)





