দ্য ইকোনোমিষ্ট পত্রিকার উদ্ধৃতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য প্রসেফর এমাজউদ্দিন আহমদ বলেছেন, 'বাংলাদেশের বর্তমান রাজনীতি বিষাক্ত হয়ে গেছে। এই বিষাক্ত রাজনীতির ষ্পর্শে সমাজে দুর্বৃত্তায়ন ঘটেছে। যার প্রভাবে রাজনৈতিক দুর্বৃত্ত্বায়ন ঘটেছে। যতদিন এটা দূর করতে না পারবো, ততদিন মানুষের অধিকার সংরক্ষণ করা সম্ভব হবে না।'

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক সেমিনারে সভায় তিনি এসব কথা বলেন।

সারাদেশে অব্যাহত নৃসংশ, নিষ্ঠুর বর্বরোচিত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এ সেমিনারের আয়োজন করা হয়।

এমাজউদ্দিন আহমদ বলেন, 'যাদের অধিকার সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের আচরণ যথাযথ সঠিক নয়। আমরা চাই সমাজে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সমাপ্ত হউক। মানুষের অধিকার সংরক্ষণ হউক।'

তিনি বলেন, 'সমাজটাকে পুরুষতান্ত্রিক সমাজ বললেই হবে না। নারী-পুরুষ মিলেই সমাজটাকে গড়তে হবে। একটি উদারপন্থী ও গণতান্ত্রিক সমাজ, একটি বাসযোগ্য সমাজ তৈরির জন্য কাজ করতে হবে। সামজে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হলে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। এমন সমাজের শিশু ও নারী নির্যাতন বৃদ্ধি পায়।'

তিনি আরও বলেন, 'আজকের সমাজে নারী ও শিশু অধিকার এত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে যে, বর্তমানে মায়ের গর্ভে শিশুও নিরাপদ নয়। এই ক্ষমতাসীন ও বিরোধীদল বললেই চলবে না সকলকেই সোচ্চার হতে হবে। বিরোধীদল ও ক্ষমতাসীনদের বিভাজন আমরা চাচ্ছি না।'

মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে সেমিনারে অংশ নেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, পিএসসির সাবেক চেয়ারম্যান এ জেডএম তাহমিনা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাজমেরি এস ইসলাম প্রমুখ। এছাড়া মহিলা দলের নেতাকর্মীরা সেমিনারে অংশ নেন।

মুল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রফেসর তাহমিনা আকতার টপি। সেমিনার সঞ্চালনা করেন- মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

এমএইচ/এমকে