বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর জানাজা নিজগ্রাম সাঁথিয়ার মনমথপুর গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। তার বড় ছেলে নাজিব মোমেন জানাজা নামাজ পড়ান। 

বুধবার (১১ মে) সকাল ৭ টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ জানাজা সম্পন্ন হয় বলে জানা গেছে। জানাজায় অংশ নিতে হাজারো মানুষের ঢল দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা নিজামীর নিজ এলাকা ছাড়াও আশপাশের এলাকা থেকেও বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন। জানাজায় আসার সময় পথে পথে তারা পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন অভিযোগ করেন অনেকেই।

জানাজা নামাজে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমানসহ জামায়াত-বিএনপির নেতৃবৃন্দরাও অংশ নেন বলে জানা যায়। জানাজার পরপরই পুলিশকে জনগণের উপর চড়াও হতে দেখা যায়।

নিজগ্রামে লাশটি পৌছার পরপরই এলাকায় যেমন শোকের মাতম ছড়িয়ে পড়তে দেখা যায়। ঠিক তেমনটি লক্ষ করা যায় দোয়া-মোনাজাতের সময়। শোকের মাতমে পুরো এলাকা নি:স্তব্ধ হয়ে উঠেছে।


এরপর সকাল ১০ টার দিকে সেখানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে একটি অ্যাম্বুলেন্স ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি গাড়ি নিজামীর লাশ নিয়ে তার নিজগ্রামে পৌঁছে।

মঙ্গলবার (১০ মে) দিনগত রাত ১২টা ১০ মিনিটে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়।

ওএফ/এমবি/কেবি