বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান নতুন নতুন সৃষ্টিশীল চিন্তা দিয়ে দেশ গড়তে তরুণদের উৎসাহিত করছেন। তাকে ফিরিয়ে আনতে হবে।

বুধবার বিকালে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে তারেক রহমানের সপ্তম কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেখানে তিনি সরকার পতনের জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ সরকার বেশরম-বেহায়া। আওয়ামী লীগের মতো ৬৫ বছরের পুরোনো রাজনৈতিক দল জনগণকে প্রতারণা করে; জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। লজ্জা থাকলে তারা এ ধরনের কাজ করত না।

সম্প্রতি সাবেক মন্ত্রী এ কে খন্দকার রচিত ‘ভেতরে-বাইরে ১৯৭১ বইয়ের’ উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ আরম্ভ হয়নি।

আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফম ইউসুফ হায়দার প্রমুখ।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই