বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার বিকালে রাজধানীর সূত্রাপুরে ১৪ দলের এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের প্রতিবাদে এ সমাবেশের অয়োজন করে ঢাকা মহানগর ১৪ দল।

মোহাম্মদ নাসিম বলেন, সাদেক হোসেন খোকা আর মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জনগণের সম্পর্ক নেই। তারা লাশের ওপর দিয়ে ক্ষমতা দখল করতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদেরকে ছাড় দেয়া যাবে না।

তিনি বলেন, যে যাই বলুক, বিদেশিরা যতই প্রেসক্রিপশন দিক কোনো কাজ হবে না। কথা পরিস্কার, ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। সে সময়ই নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ হবে। খুনিদের সঙ্গে কোনো সংলাপ হবে না।

নাসিম বলেন, ৫ জানুয়ারি নির্বাচন না দিলে দেশে ‘মার্শাল ল’ আসতো। মানুষ মার্শাল ল’ চায় না। তাই, শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন দিয়েছেন।

সূত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সংসদ সদস্য হাজী মো. সেলিম, জাসদ ঢাকা মহানগরের সভাপতি শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসেন, সাম্যবাদী দলের হারুন চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

কেএইচ