জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, হত্যা-গুম-গ্রেফতার চালিয়ে অতীতে কোনো স্বৈরাচারই টিকতে পারেনি; বরং লাশের ভারেই পতন দ্রুততর হয়েছে। দখলদার শাসকদেরও সেই পরিণতির দিকে মৃত্যুযাত্রা শুরু হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান তিনি।
তিনি বলেন, রক্ষিবাহিনী ৩০ হাজার লোককে হত্যা করেও বাকশালকে রক্ষা করতে পারেনি। তাই ক্রসফায়ারের নামে গণহত্যা চালিয়েও কোনো বাহিনী বিনাভোটের দখলদার সরকারের অনিবার্য পতনকে ঠেকাতে পারবেনা।
জামায়াতের এই নেতা বলেন, জনতার নিরাপোষ অবিরাম আন্দোলনে সরকার দিশেহারা হয়ে রাজধানীর মীরপুরে একসঙ্গে চার জনকে হত্যা করেছে। যে সরকার জনগণের নির্বাচিত নয় গণআকাঙ্খার মর্মবাণীও তারা বুঝতে পারে না।
রফিকুল ইসলাম বলেন, নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই গণশক্তির উত্থান ঘটিয়েই ফ্যাসিবাদের পতন ঘটানো হবে।
৫ই জানুয়ারি সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে এবং অবৈধ দখলদার সরকারের পদত্যাগ ও নির্দলয়ী নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে দেশব্যাপী চলমান অবরোধ ও ৭২ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন সফল করায় নগরবাসীকে অভিনন্দন জানান জামায়াতের এই নেতা।
কেএইচ





