ভারতের সঙ্গে সমুদ্র মামলার রায়ে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বুধবার দুপুরে ঢাবি ক্যাম্পাসের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কলা ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে রুপ নেয়।

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেহেদি হাসান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর শরিফের পরিচালনায় বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

সিদ্দিকী নাজমুল আলম বলেন, বাংলাদেশের সমুদ্রসীমার সমস্যা নিষ্পন্ন করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন। এ জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাকে অভিনন্দন।

শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের দরিদ্র মানুষের মুখে হাসি ফুটবেই। কেননা তিনি দেশ, মাটি ও মানুষের জন্য নিরলস কাজ করে চলেছেন বলেও জানান তিনি।

এ সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ