আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি হরতাল-অবরোধের নামে সন্ত্রাস করে শত শত মানুষকে হত্যা করেছে। এরপর তাদের (বিএনপি) আর সভা-সমাবেশ করার কোনো নৈতিক অধিকার থাকতে পারেনা। তাই তাদের (বিএনপি) কোনো সভা করতে দেয়া হবেনা।
মঙ্গলবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে ঢাকা জেলা মটর মেকানিক ইউনিয়ন আয়োজিত বিরোধী জোটের হরতাল-অবরোধ বিরোধী এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, যারা বলছে বিএনপি সন্ত্রাস বন্ধ করলে তাদের সভা-সমাবেশ করতে দেয়া হতে পারে। তাদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই। আন্দোলনের নামে যারা নিরীহ মানুষকে হত্যা করছে তাদেরকে কোনো সভা-সমাবেশ করতে দেয়া হবে না।
সুশীল সমাজের সমালোচনা করে হানিফ বলেন, তথাকথিত সুশীল সমাজের যারা সংলাপ, সংলাপ বলে ধোঁয়া তুলছেন। দয়া করে আপনারা সন্ত্রাসীদের (বিএনপি) পক্ষ নেয়ার পূর্বে একটু বার্ন ইউনিট দেখে আসুন। তারা কত নিরীহ মানুষকে পেট্রল বোমার আগুনে পুড়িয়েছেন।
তিনি বলেন, হত্যাকারীদের সাথে সংলাপ হয়না। তাই বিএনপির সাথেও কোনো সংলাপ হবেনা। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই এই সন্ত্রাস নির্মূল করা হবে।
সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, নগর আওয়ামী লীগ নেতা শফিউল্লাহ শফি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমআর/কেএইচ





