[b]মাদারীপুর:[/b]সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির গণসমাবেশকে সরকারের সঙ্গে সমঝোতার ইঙ্গিত বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখতে এসে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন,‘অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা সরকার করেই যাচ্ছে। যে কারণে আজকে বিএনপির সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ করছে তাতে সরকার সহযোগিতা করছে। স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে বা অহিংস কার্যক্রমে সরকার কোনো বাধা দিচ্ছে না। এটাই সমঝোতার পথকে ইঙ্গিত করে। খুব শিগগিরই সব স্বাভাবিক হয়ে যাবে।’
তিনি আরো বলেন, বিশ্বব্যাংকের প্রি-কোয়ালিফাইড তিনটি কোম্পানির টেন্ডারের ডকুমেন্ট নিয়েছিল। ওই তিনটি কোম্পানিই টেন্ডার জমা দিয়েছে। আগামী জুন মাসের মধ্যে পদ্মা সেতুর মূল কাজ শুরু হবে।
মন্ত্রী এ সময় বিএনপিকে সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার আহ্বান জানান।
এ সময় পদ্মা সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরামর্শক প্রতিষ্ঠান সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।