১৯৭১ সালে যারা স্বাধীনতা বিশ্বাস করেনি তারাই এখন বিএনপির নেতৃত্বে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জম্মদিন উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তোফায়েল বলেন, উপজেলা নির্বাচনের পর বিএনপি যে আন্দোলনের হুমকি দিচ্ছে, তা কখনো সফল হবেনা। কোন হুমকি-দমকিতে কাজ হবেনা। আগামী ৫ বছর পর আলোচনার মাধ্যমে জাতীয় নির্বাচন হতে পারে। তবে বিএনপি যে তত্ত্বাবধায়কে স্বপ্ন দেখছে তা স্বপ্নই থেকে যাবে।
তিনি বলেন, উপজেলা নির্বাচনে সরকার কোন হস্তক্ষেপ করেনি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। প্রথম ২ টি ধাপে আমাদের বিদ্রোহী প্রার্থী থাকার কারণে আমাদের কম প্রার্থী জয়ী হয়েছে। এবার আমরা তা থেকে বেরিয়ে এসে জয় পেয়েছি। আশা করছি বাকি ধাপগুলোতে আমরাই জয়ী হব।
আগামীতে উপজেলা নির্বাচন দলীয় ভাবে করা যায় কিনা সে ব্যাপরে ভেবে দেখা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর বাকি খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার।
ঢাকা, এমআর, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ