বর্ষবরণের দিন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে নারী লাঞ্ছনার ঘটনাকে ‘তেমন কোনো বিষয় না’ বলে দেওয়া মন্তব্য প্রত্যাহার করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান
তিনি বলেছেন, তাঁর বক্তব্যে তিনি যা বোঝাতে চেয়েছেন তা সঠিকভাবে উপস্থাপিত হয়নি।
আজ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটাই দাবি করা হয়। সেখানে আরও বলা হয়, এ বিষয়ে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে একটি সংগঠন এক অনুষ্ঠানের আয়োজন করেছিল।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শাজাহান খান বর্ষবরণের নারী লাঞ্ছনার ওই ঘটনাকে ‘তেমন কোনো বিষয় না’ বলে মন্তব্য করে বলেন, এমন টুকিটাকি ঘটনা হতেই পারে।
শাজাহান খান বলেন, ‘পয়লা বৈশাখ আমাদের বাঙালি জাতির জীবনে বছরের প্রথম দিন। এই পয়লা বৈশাখে অনেক মানুষ রাস্তায় থাকে।
এই কোটি কোটি মানুষের দেশে ঢাকা শহরে প্রায় দুই কোটি মানুষ থাকে। তার মধ্যে এমন কী ঘটনা ঘটেছে, যা সংবাদ হওয়ার মতো? একটা টুকিটাকি ঘটনা হতেই পারে।এতগুলো মানুষের মধ্যে এটা তেমন কোনো বিষয়ই না।’
নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘উন্নত দেশে এর চাইতে বেশি ঘটে। এর চেয়ে আরও মারাত্মক মারাত্মক ঘটনা ঘটে।
এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই সরকারের সমালোচনা করতে চেয়েছেন। বলেছেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ।’
এসএম





