প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আগামী মাসের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়ে যাবে। সেখানে নতুন শ্রমিক নিয়োগও শুরু হবে। এ ব্যাপারে সে দেশের সঙ্গে কথা হয়েছে এবং প্রথম ধাপের কাজ শেষ হয়েছে।

শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দালাল ও এজেন্টদের ব্যাপারে হুশিয়ারী উচ্চারন করে তিনি বলেন, আমার প্রথম কাজই হবে তাদেরকে ধরা, যারা অবৈধভাবে বিদেশে লোক পাঠান। এসব মৃত্যুর জন্য দালাল চক্রই দায়ী আর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হবে। দালালদের ব্যাপারে সজাগ থেকে তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

বিদেশে নারী শ্রমিক নির্যাতন নিয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে যারা মধ্যপ্রাচ্যে যান তারা একা হয়ে পড়েন। ভাষাগত কারণে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। যে কারণে অনেকে দেশে ফিরে আসার জন্য নির্যাতনের কথা বলেন। এ জন্য প্রশিক্ষণের মাধ্যমে নারী শ্রমিক পাঠানো ব্যবস্থা করা হচ্ছে।

এর আগে মন্ত্রী দুপুর ১২টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা, মন্ত্রীর নির্বাচনী এলাকার আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এএস