দেশের অবনতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে, রাষ্ট্রপতিকে সংকট নিরসনে উদ্যোগ নিয়ে অভিভাবকের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর।
সোমবার এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ‘প্রধান দুটি জোটের রাজনৈতিক বিবাদে দেশে যে অচলাবস্থা বিরাজ করছে- তা প্রত্যেকটি বিবেকবান নাগরিককে ভাবিয়ে তুলছে। দেশবাসী এ সংকট থেকে শান্তিপূর্ণ উত্তরণ চায়। অথচ উভয়পক্ষের অনড় অবস্থানের কারণে পরিস্থিতি ক্রমশ: জটিল হচ্ছে। এ অবস্থা কারও জন্যই কল্যাণকর নয়।’
রাজনৈতি সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আহ্বান জানিয়ে রেজাউল করীম বলেন, ‘আপনি সকল রাজনৈতিক পক্ষকে সংলাপের আহ্বান জানিয়ে অভিভাবকের ভূমিকা পালন করুন।’
এ সময় সংকট উত্তরণে অতীত রাজনৈতিক অভিজ্ঞতাকেও কাজে লাগানোর জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি।
জেএ





