বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, এ সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। জনগণ চায় এ সংসদ ভেঙ্গে দিয়ে একাদশতম নির্বাচনের ব্যবস্থা করা । আর সে জন্যই আমাদের আন্দোলন চলছে। ঈদুল আজহার পরে আন্দোলনের নতুন মাত্রা পাবে।
মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা দলের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের ১৬ কোটি জনগণকে সঙ্গে নিয়েই আমরা সরকার বিরোধী আন্দোলন করছি। বিভিন্ন সময়ে আমরা কর্মসূচি দিয়েছি। তবে আমাদের কর্মসূচি ছিল অহিংস।
মাহবুব বলেন, যারা সংসদে আছে তারা ভূয়া। ৫ জানুয়ারীর নির্বাচনের নামে তারা তামাশা করেছে। এই নির্বাচনের আগেই ১৫৪ জন বিনা ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন হয়ে গেছে।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাতা বার্ষিকীতে নেতাকর্মীরা শপথ নিয়েছেন আন্দোলনের মাধ্যমে সরকার পতন না হওয়া পযর্ন্ত রাজপথে থাকবে। আন্দোলনের মাধ্যমে এ স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে তারা গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠাতা করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খানসহ মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা।
ঢাকা,এমএইচ,২৬ আগস্ট,টাইমনিউজবিডি.কম, এসআর





