পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী, বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারীসহ জামায়াতের ৪ নেতা-কর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ নিন্দা জানান।

তিনি বলেন, 'পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট নাজমুল হক এবং বগুড়া জেলার শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী আলহাজ্জ্ব দবিবুর রহমানসহ জামায়াতের ৪জন নেতা-কর্মীকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যেই সরকার তাদের গ্রেফতার করে জেলখানায় পাঠিয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে সরকারের একদলীয় ফ্যাসীবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।'

তিনি আরো বলেন, বর্তমান সরকারের জুলুম-নির্যাতন থেকে জনগণের নির্বাচিত প্রতিনিধি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণও রেহাই পচ্ছেন না।

তাদের সেবা থেকে জনগণকে বঞ্চিত করার অসৎ উদ্দেশ্যেই তাদের গ্রেফতার করা হচ্ছে মন্তব্য করে মুজিবুর রহমান বলেন, 'সরকারের এই ধরনের ফ্যাসীবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।'

পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট নাজমুল হক এবং বগুড়া জেলার শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী আলহাজ্জ্ব দবিবুর রহমানসহ সারাদেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এমকে