সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনের শারীরিক অবস্থা আগের মতোই সঙ্কটাপন্ন। তিনি এখনও রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রেই (আইসিইউ) আছেন।
সাহারা খাতুনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে শনিবার (২১ জুন) সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান বলেন, ওনার শারীরিক অবস্থা আগের মতোই সঙ্কটাপন্ন। তিনি এখনও আইসিইউতেই আছেন। তার চেতনা আছে তবে মুখে কোনও খাবার খেতে পারেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন জানিয়ে তিনি বলেন, সবাই উন্নত চিকিৎসা চায়। আমরাও চাই তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দেশের বাইরে নেয়া হোক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী হয়তো ব্যবস্থা (বিদেশে নেওয়ার বিষয়ে) করছেন। কিন্তু আমরা কোনও সিদ্ধান্তের কথা এখনও জানতে পারিনি।
৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে গত ০২ জুন রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকাল ১১টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়।
এমবি





