২০১৯ সালের জাতীয় নির্বাচনকে নিজের জীবনের শেষ নির্বাচন আখ্যা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, 'জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। কতদিন আর বাঁচব...।

আমাকে বাঁচাতে হলে জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আনতে হবে। আমাকে নতুন জীবন দাও। ' আজ রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে নেতাকর্মীদের কাছে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তিনি।

রোববার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার সকাল ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এরপর ১০টায় শুরু হয় বক্তৃতা পর্ব।

পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মহাসমাবেশে সভাপতিত্ব করেন। সারা দেশ থেকে লক্ষাধিক নেতাকর্মী এতে অংশ নেন।  

আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে বলে আবারও ঘোষণা দেন এরশাদ।

এরশাদ বলেন, জাতীয় পার্টিতে আজ আমি যে শক্তি দেখছি আমি, কারো সঙ্গে হাত মেলানোর প্রয়োজন নাই। জাতীয় পার্টি বিগত নির্বাচনে এককভাবে যেসব নির্বাচন করেছে তাতে লাভবান হয়েছে। কিন্তু জোটগতভাবে গত তিনটি নির্বাচন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ক্ষতিগ্রস্ত হতে চাই না।

নেতাকর্মীদের উদ্দেশে সাবেক রাষ্ট্রপতি বলেন, তোমরা প্রস্তুত হও। আগামী নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। নির্বাচনে জিততে হলে শক্তি প্রয়োজন। দলকে জয়ী করতে পার্টিকে আরও শক্তিশালী করতে হবে। এজন্য সবাইকে এখনই মাঠে-ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, আমরা কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবো না। আমরা নিজেরাই ক্ষমতায় যাওয়ার শক্তি অর্জন করব। এ সময় তিনি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

এমই