জামায়াতে ইসলামী এবং বিএনপির মধ্যে বিরাজমান সম্পর্ক নিয়ে ২টি অনলাইন নিউজ পোর্টালে যে সব তথ্য প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৩ জুলাই) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মো. তাসনীম আলম এই ব্যাপারে গণমাধ্যমে এক বিবৃতি প্রদান করেছেন।
অধ্যাপক তাসনীম আলম বলেন, প্রকাশিত প্রতিবেদন ২টিতে জামায়াতে ইসলামী এবং বিএনপির মধ্যে বিরাজমান সম্পর্ক নিয়ে যেসব আজগুবি তথ্য পরিবেশন করা হয়েছে তার কোনো ভিত্তি নেই। সরকারের এজেন্ডা বাস্তবায়নের অসৎ উদ্দেশ্যেই অনলাইন পত্রিকা ২টিতে সিন্ডেকেটেড প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
তাদের অনলাইন প্রতিবেদনে যেসব বক্তব্য ছাপা হয়েছে তা পড়লে যে কেউ বুঝতে পারবেন এসব প্রতিবেদন কল্পনা নির্ভর। বাস্তবের সাথে যার কোনো সম্পর্ক নেই। সরকারের সাথে জামায়াতের সম্পর্ক আবিষ্কার করে কিছু সংবাদপত্র সরকারকে খুশি করে ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।
জামায়াতের এই নেতা বলেন, সকলেই জানেন বর্তমান সরকার জামায়াতে ইসলামীর ওপর সবচেয়ে বেশি অত্যাচার, নির্যাতন চালিয়েছে। এই সরকারের সাথে জামায়াতের সম্পর্ক থাকার কথা কোনো মানুষই বিশ্বাস করে না। অথচ কিছু পত্রিকা জামায়াতের বিরুদ্ধে অব্যাহতভাবে অসত্য প্রতিবেদন প্রকাশ করেই যাচ্ছে।
কিন্তু জামায়াতের পক্ষ থেকে ওইসব অসত্য প্রতিবেদনের প্রতিবাদ জানানো সত্ত্বেও তারা তা প্রকাশ করে না। এ থেকেই বুঝা যায় তাদের প্রতিবেদন সম্পূর্ণ অসত্য। এ ধরনের ভিত্তিহীন অবাস্তব প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান অধ্যাপক তাসনীম আলম।
এমবি





