ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের দিন দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন করবে জাতীয় মুক্তি কাউন্সিল। বুধবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় অঞ্চলের কর্মিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, রাজধানী ঢাকার ৩৩ তোপখানা রোডের মেহেরবা প্লাজার ৪ ও ৫ তলায় অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ের এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সম্পাদক ফয়জুল হাকিম। দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর বিস্তারিত আলোচনা করে কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

সভায় আগামী ৬ ও ৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় বিক্ষোভ প্রদর্শন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৬ জুন অনুষ্ঠিত হবে ওই বিক্ষোভ।

বাংলাদেশে সাংবিধানিক ফ্যাসিবাদ কায়েমে সাম্রাজ্যবাদী ভারতের প্রত্যক্ষ মদদ দেওয়ার কথা তুলে ধরে সভায় বলা হয়, ৫ জানুয়ারি ২০১৪-এ জনগণের অংশগ্রহণহীন ধাপ্পাবাজির সংসদ নির্বাচনে ভারতের উলঙ্গ সমর্থন দেশবাসী ভুলে যায়নি।

সীমান্তে বিএসএফ’কে বাংলাদেশী নাগরিক হত্যায় দায় থেকে মুক্তি দেওয়ায় ভারতের কঠোর সমালোচনা করে সভায় বলা হয়, সীমান্তে ভারত বাংলাদেশের বিরুদ্ধে নিম্নমাত্রার যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

চট্টগ্রামে ২০ মে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পুলিশ পণ্ড করে দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে সভায় বলা হয়, শেখ হাসিনার সরকার দেশে অঘোষিত জরুরি আইন জারি রেখেছে।

এমআর