বিএনপি-জামায়াতের সম্পর্ক নিষিদ্ধ প্রেমের মত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, বলতে লজ্জা লাগে বিএনপি-জামায়াতের সম্পর্ক প্রচণ্ড রোদের মধ্যে এক পশলা বৃষ্টির মত।

রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. হাছান বলেন, বিএনপি এবং জামায়াতের মধ্যে যে নিষিদ্ধ প্রেম আছে, সেই প্রেম বাংলাদেশ এবং বিশ্বের মানুষ চায় না। তাই আমি খালেদা জিয়াকে বলবো এই প্রেম ত্যাগ করে বাংলাদেশের রাজনীতিতে আসুন। তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে গ্রহণ করতে পারে।

সাবেক এই বনমন্ত্রী বলেন, বিএনপি যদি জামায়াতকে ছাড়তে না পারে তাহলে শিগগিরই বিএনপি ৪র্থ স্টেজের রাজনীতিতে প্রবেশ করবে। আর ৪র্থ স্টেজের রাজনীতির মানে হচ্ছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে মুসলিম লীগের মত হয়ে যাবে।

খালেদা জিয়ার সাথে নরেন্দ্র মোদির একান্ত সাক্ষাৎ প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা জিয়া আনেক আকুতি-মিনতি করে সাক্ষাতের ব্যবস্থা করেছেন। ১০ মিনিটের সেই একান্ত সাক্ষাতে তিনি করজোরে নি:শর্ত ক্ষমা চেয়েছেন কিনা জানি না। তবে দুষ্টু লোকেরা বলে সেখানে তিনি শুধু ক্ষমাই চাননি কান্নাকাটিরও চেষ্টা করেছেন।

খালেদা জিয়াকে শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেয়ার অনুরোধ করে তিনি বলেন, পৃথিবীর সব দেশই শেখ হাসিনার উন্নয়নকে রোল মডেল হিসেবে দেখছে। শুধু বুঝতে পারছেন না খালেদা জিয়া।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা আব্দুল্লাহ আল কায়সারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

এমএ, এআর, কেবি