বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির কোনও আদর্শ নেই।
জিয়াউর রহমান ভাড়া করা নেতাদের নিয়ে দল প্রতিষ্ঠা করেছিলেন। আজকে তাদের ঐক্যফ্রন্টেও ঐক্য নেই। ঐক্যফ্রন্টও এখন ভেঙে যাচ্ছে।’
শনিবার (১১ মে) দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত ৭ জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা, দক্ষিণ জেলা, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা নিয়ে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, আমরা পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে সংগঠনের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকেছে। অনেক সুবিধাবাদীরাও সংগঠনের মধ্যে ঢুকে পড়েছে। আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের ধীরে ধীরে বের করে দিতে হবে।
তিনি বলেন, আজকে এখানে যারা এসেছেন, আপনারা তৃণমূলের নেতা, আপনাদের নিয়েই আওয়ামী লীগ। আপনাদের জানাচ্ছি, যারা ঢুকেছিল,ধীরে ধীরে তাদেরকে বের করে দিতে হবে। সেই কার্যক্রম আমাদের শুরু করতে হবে। সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিজিটাল ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সমস্ত নেতাকর্মীদের প্রতি আমি বিনীত অনুরোধ জানিয়ে বলি, ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়। বিনয় মানুষকে মহান করে। বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে। ঔদ্ধত্য মানুষ পছন্দ করে না। আমাদের নেতাকর্মীদের মাঝে যেন ঔদ্ধত্য আচরণ না থাকে।’
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু।
সভার সঞ্চালনা করেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। সভায় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার সাংসদ এবং সংরক্ষিত নারী সাংসদবৃন্দ উপস্থিত ছিলেন।
এএস





