ছাত্রলীগের সোনার ছেলে এবং আওয়ামী ও যুবলীগের সন্ত্রাসীদের অত্যাচারে সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া।

আজ (রোববার) বিকেলে জয়পুরহাটের রামদেও বাজলা স্কুল মাঠে এক জনসভায় বেগম খালেদা জিয়া এ মন্তব্য করেন।
রাজশাহীতে ইসলামী ছাত্রশিবির নেতার পা কেটে দেয়া এবং ঢাকার মিরপুরে বিহারি পল্লীতে ১০জনকে খুন করার ঘটনা উল্লেখ করে বেগম জিয়া বলেন, সারাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী খুন-খারাবি করে বেড়াচ্ছে।

এই সন্ত্রাসীদের রুখতে দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আওবান জানিয়ে বেগম জিয়া বলেন, প্রতিশোধ নেয়া নয়, দেশের স্বার্থেই সবাইকে একসাথে কাজ করতে হবে।

একটি সমৃদ্ধ দেশ গঠনে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে দেশবাসীকে একযোগ হওয়ারও আহবান জানান বেগম জিয়া।

জনসভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান, ড. মঈন খান, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সাবেক ছাত্রনেতা সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।

 

ঝড় বৃষ্টি উপেক্ষা করে লাখ লাখ মানুষ এই জনসভায় যোগ দেন। এতে স্থানীয় ১৯ দলীয় জোটের নেতাকর্মীরাও অংশ নেন।

জয়পুরহাট, ২২জুন (টাইমনিউজবিডি.কম) // কেবি