বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্ষীয়ান জননেতা ও সাবেক মন্ত্রী জনাব এম.কে আনোয়ারকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সরকার তাকে জেলে পাঠিয়ে তার প্রতি অবিচার করেছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জনাব এম.কে আনোয়ার একজন সম্মানিত প্রবীণ রাজনীতিবিদ। তাকে জেলে পাঠিয়ে সরকার তার প্রতি অমানবিক ও অসহিষ্ণু আচরণ করেছে। এ ধরনের আচরণের মধ্য দিয়ে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। দেশের মানুষের আজ বাক-স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার নেই। দেশে আইনের শাসন ও ন্যায় বিচার বলতে কিছুই নেই।
তিনি আরও বলেন, সরকার বিরোধীদলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে বন্দী করে রাখছে। ক্ষমতা পাকাপোক্ত করার হীন উদ্দেশ্যেই বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেফতার করে তাদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। সরকার দেশকে রাজনীতি শূন্য করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এ ষড়যন্ত্রের প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এছাড়া প্রবীণ রাজনীতিবিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব এম.কে আনোয়ারকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কেএইচ





