সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করার জন্য খুব শিগ্রই সরকারকে বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় একটি প্রস্তাব দেয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

'বর্তমান প্রেক্ষাপটে ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম। আমির খসরু বলেন, নির্বাচন কমিশনের কাজ হল ভোটারদের ভোট নিশ্চিত করা। যার মাধ্যমে বাংলাদেশে প্রতিনিধিত্ব একটি সংসদ হবে। সে বিষয়টি মাথায় রেখে সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করার জন্য বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় একটি প্রস্তাব দেয়া হবে।

৭ ই নভেম্বরের আগে দেশ স্বাধীন হলেও জাতীসত্তা ছিলনা দাবি করে তিনি বলেন, আমরা সেদিন জাতীসত্তা ফিরে পেয়েছিলাম। ৭ ই নভেম্বর যে জাতীয়সত্তা ফিরে এসেছিল কিন্তু তা বর্তমানে অনুপস্থিত।

দেশে প্রপাগান্ডা চলছে অভিযোগ করে তিনি বলেন, ৭ই নভেম্বরের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে আন্দোলন করে আমাদেরকে এই প্রপাগন্ডা থেকে মুক্ত হতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ'র সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, এলডিপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

জেড