ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য অবিলম্বে বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের ফের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

রোববার রাতে এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, আসন্ন ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য এখনো সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়নি। জামায়াতসহ ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের এবং ভোটারদের অব্যাহতভাবে হয়রানি করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে, গ্রেফতার করছে। তাদের হুমকি প্রদান এমনকি প্রার্থীদেরও গ্রেফতার করছে।

তিনি বলেন, জনগণের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা, সে ব্যাপারে সকলেই সন্দিহান। এ অবস্থায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য জনগণ বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের জন্য অব্যাহতভাবে দাবি জানিয়ে আসছে। কিন্তু নির্বাচন কমিশনের রহস্যজনক ভূমিকা জনগণের মনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি করেছে। বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন ছাড়া জনগণ স্বস্তির সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না বলে মনে করেন এ জামায়াত নেতা।

কেএইচ