ঢাকায় বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে আগামী বুধবার (০৯ মে) ঢাকা মহানগরের প্রতিটি থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
আজ (সোমবার) সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচী ঘোষণা করেন।
রিজভী বলেন, আমরা আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছিলাম। আমাদের পক্ষ থেকে সমাবেশের সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। গতকাল গভীর রাত পর্যন্ত পুলিশের অনুমতির জন্য অপেক্ষা করেছি। কিন্তু পু্লিশের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে বিএনপিকে কোন প্রকার সমাবেশ করতে দেয়া হবে না। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, মিছিল, মিটিং, সসমাবেশ করা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। এটায় বাধা দেয়ার কোন অধিকার নেই পুলিশের। কিন্তু তারা বাধা দিয়ে চলছে। এর জন্য তাদের সাজা হওয়া উচিৎ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিন সম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
এমবি





