সিলেট নগরীতে অর্থমন্ত্রীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে যুবলীগ নেতাকর্মীরা। সদ্য ঘোষিত মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটিকে আবুল মাল আবদুল মুহিতের 'পকেট কমিটি' আখ্যা দিয়ে সোমবার বিকালে তারা এই মিছিল ও সমাবেশ করে।

মহানগর যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুদীপ দে’র নেতৃত্বে বিকাল সাড়ে তিনটার দিকে নগরীর রেজিস্টারি মাঠ থেকে মিছিল শুরু করে জিন্দাবাজার ঘুরে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।

মিছিল থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবীরের বিরুদ্ধে স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় তারা অনুগতদের কমিটিতে স্থান দেয়ায় অর্থমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগানও দেয়।

উল্লেখ্য, প্রায় একযুগ পর সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বিকালে যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এই কমিটির লিস্ট জমা দেয়া হয়। পরে অর্থমন্ত্রীর অফিসে বসেই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আলম খান মুক্তিকে আহ্বায়ক এবং মুশফিক জায়গীরদার, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান খোকন ও সেলিম আহমদ সেলিমকে যুগ্ম আহ্বায়ক করা হয়। বাকি ৫৬ জনকে রাখা হয়েছে সদস্য।  কিন্তু ওই কমিটিতে দলের পরীক্ষিত নেতাকর্মীদের বদলে সুবিধাবাদীরা বেশি গুরুত্ব পেয়েছেন এমন অভিযোগও নেতাকর্মীদের। এই অভিযোগে কমিটি প্রত্যাখান করে নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করে।

সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর যুবলীগের নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক এমএ হান্নান, সাবেক ক্রীড়া সম্পাদক বিধান পাল, সাবেক আইন সম্পাদক ছাদিকুর রহমান, সাবেক সাংস্কৃতিক সম্পাদক গৌতম চক্রবর্তী, যুবলীগ নেতা আব্দুর রহমান, পিযুষ কান্তি দে ও শাহনেওয়াজ আলম পলাশ প্রমুখ।

ঢাকা. ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ